রাজধানীর বনানীতে কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডের রেশ না কাটতেই বনানীর আরেক বাড়িতে অগ্নিকাণ্ড ঘটেছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মিজানুর রহমান জানান, শুক্রবার দুপুরে বনানীর ২৩ নম্বর রোডের ৪৩ নম্বর বাড়িতে আগুন লাগার পর স্বল্প সময়ের মধ্যে তা নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি বলেন, বেলা ১টার দিকে ছয় তলা ওই ভবনের চতুর্থ তলার রান্নাঘর থেকে আগুনের সুত্রপাত হলে আতঙ্কিত লোকজন ভবন থেকে বেরিয়ে আসে।

মিজানুর বলেন, আমাদের কর্মীরা সেখানে পৌঁছে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য নেই।

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে আগুন লাগে এফ আর টাওয়ারে। ভবনের নবম তলায় আগুনের সূত্রপাত। পরে ছড়িয়ে পড়ে ২৩তলা ভবনের বেশ কয়েকটি তলায়। প্রায় সাড়ে ছয় ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজে সশস্ত্র বাহিনীর সদস্য ও বিমানবাহিনীর পাঁচটি হেলিকপ্টার ব্যবহার করা হয়। ভবনটির ছাদে আটকেপড়া অনেককে উদ্ধার করে বিমানবাহিনীর হেলিকপ্টার। এ ছাড়া অগ্নিনির্বাপণে হেলিকপ্টার থেকে ভবনটিতে পানিও ফেলা হয়।

ভয়াবহ এই আগুনে ২৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। তাদের লাশও বুঝিয়ে দেয়া হয়েছে। আহত অন্তত ৭৩ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

এমআর