রাজধানীর মিরপুরে ওয়াসার ড্রেনে পড়ে নিখোঁজ তিন বছর বয়সী শিশু সুজনকে উদ্ধারে ফের অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস। নিখোঁজের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি। সকাল ১১টা পর্যন্ত উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
গতকাল সকাল ১১টার দিকে আব্বাস উদ্দিন স্কুলের পেছনে ওয়াসার একটি ড্রেনের মধ্যে পড়ে যায় সুজন। শিশুটি মিরপুর ১১ নম্বর সেকশনের ৫ নম্বর এভিনিউতে মা ও বোনের সঙ্গে থাকতো। তার মা রুবী বিভিন্ন বাসায় কাজ করেন। দুপুরের পর কাজ থেকে ফিরে এসে তিনি সুজনকে পাননি। পরে অনেক জায়গায় সন্ধান চালিয়েও শিশুটিকে পাওয়া যায়নি।
খবর পেয়ে রাত আটটার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে প্রায় চার ঘণ্টা তল্লাশি চালিয়েও শিশুটির দেখা পায়নি। রাত ১২টার দিকে উদ্ধার অভিযান সমাপ্ত করে শনিবার সকাল আটটা থেকে আবারো অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের লোকজন।
মিরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আবদুল্লাহ আল আরেফিন বলেন, শিশুটিকে উদ্ধারে গতকাল রাত থেকে আমরা তল্লাশি চালাচ্ছি। সম্ভাব্য সব জায়গায় তল্লাশি করা হচ্ছে। এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। এক ছেলে ও এক মেয়েকে নিয়ে মিরপুরেই থাকেন শিশুটির মা।
গত ২১ জুলাই বিকালে মিরপুর কমার্স কলেজের পেছনে একটি পয়োনিষ্কাশন নালায় ডুবে জুনায়েদ হোসেন সাব্বির নামে এক শিশুর মৃত্যু হয়। এর আগে ১৩ জুলাই মহাখালী বাস টার্মিনালের পাশের একটি খালে শাক তুলতে গিয়ে পা পিছলে পানিতে পড়ে ডুবে গিয়ে মারা যান শিশু সানজিদা।
এম এ





