রাজশাহী মহানগরীর পূর্ব ডাঁশমারী এলাকায় মোহাম্মদ আলী নামে এক ওয়ার্কার্স পার্টির কর্মীকে খুনের ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে তিনি খুন হন।

নিহত মোহাম্মদ আলী নগরীর ডাসমারী মধ্যপাড়া এলাকার আতাহার আলীর ছেলে।

খুনের ঘটনায় জড়িত সন্দেহে নিহত মোহাম্মদ আলীর দুই বন্ধু জিয়া ও রফিককে আটক করেছে মতিহার থানা পুলিশ।

মহানগরীর মতিহার থানার অফিসার ইন চার্জ (ওসি) আলমাগীর হোসেন জানান, নিহত মোহাম্মদ আলী বুধবার রাতে তার বন্ধু জিয়াকে নিয়ে মহানগরীর সাহেববাজরের দলীয় কার্যালয় থেকে বের হন। এরপর থেকেই মোহাম্মদ আলীর সন্ধান পাওয়া যাচ্ছিল না। গভীর রাতে এলাকার একটি ড্রেনে তাকে পড়ে থাকতে দেখতে পান স্থানীয়রা।

পরে তারা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের বন্ধু জিয়া ও রফিককে আটক করা হয়েছে।

জমিজমা সংক্রান্ত বিরোধ ও পরকীয়া ঘটনার জের ধরে হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান ওসি।

ঢাকা, ২৪ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ