বেনাপোল পোর্ট থানার দক্ষিণ দৌলতপুর গ্রামের একটি আম বাগান থেকে মঙ্গলবার সকালে ১১৮০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। ফেনসিডিল পাচারের অভিযোগে এ সময় কোন পাচার কারীকে আটক করতে পারেনি তারা।

বেনাপোল দৌলতপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার জাহাঙ্গীর হোসেন জানান, গোপনে একটি খবর আসে মাদক পাচারকারীরা বিপুল পরিমান ফেনসিডিল নিয়ে দৌলতপুর সীমান্তের ইছামতি নদী পার হয়ে যশোরের দিকে নিয়ে যাবে।এমন সংবাদের ভিত্তিতে ল্যান্সনায়েক নুরুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে রাতভর গোপন অবস্থানে থাকে।

সকালে মাদক পাচারকারীরা যখন বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে তখন সেখানে অভিযান চালায়। এ সময় পাচারকারীরা বিজিবি’র উপস্থিতি বুঝতে পেরে ফেনসিডিল বোঝাই ১০টি কাটুন ফেলে পালিয়ে যায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় সেখান থেকে ১১৮০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

২১ বিজিবি’র পুটখালী কোম্পানী কমান্ডার উদ্ধার হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দিয়ে উদ্ধারকৃত ফেনসিডিল জমা দেওয়া হবে।

এমবি