কমলাপুরে ট্রেন-কাভার্ড ভ্যান সংঘর্ষের ঘটনা তদন্তের জন্য তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
রেলওয়ের ডিভিশনাল ট্রান্সপোর্ট অফিসার নাজমুল ইসলামের নেতৃত্বে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অপর সদস্যরা হলেন ডিভিশনাল ইঞ্জিনিয়ার-১ মহিউদ্দিন আরিফ ও ডিভিশনাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সাদেকুর রহমান।
তদন্ত কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শনে এসে এই তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছিলেন রেলপথ মন্ত্রী মুজিবুল হক।
সোমবার দুপুরে কমলাপুর আইসিডি থেকে বের হওয়ার সময় নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী একটি ট্রেনকে ধাক্কা মারে একটি কাভার্ডভ্যান। এতে দুমড়ে মুচড়ে যায় ট্রেনটির একটি বগি।
এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পাশাপাশি আহত হয়েছেন আরও ৮-১০ জন।ইতোমধ্যেই এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালককে আসামি করে মামলা দায়ের করেছে রেল কর্তৃপক্ষ।
এছাড়াও বিকাল সাড়ে ৫ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন দুর্ঘটনায় আহত ব্যক্তিদের সঙ্গে সাক্ষাত করেন রেলপথমন্ত্রী মুজিবুল হক । এসময় তিনি তাদের প্রত্যেকের হাতে ২০ হাজার করে নগদ টাকা তুলে দেন। দুর্ঘটনায় যারা নিহত হায়েছেন তাদের পরিবারকেও আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানান রেলপথমন্ত্রী।
রেলমন্ত্রী বলেন, আজ যে দুর্ঘটনা ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত। এ ঘটনায় আমরা মর্মাহত। আহতদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে স্বজনদের কাছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে।
এমকে





