রাজবাড়ীর গোয়ালন্দ রেলগেট এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের এক চালক নিহত ও আরো দু’জন আহত হয়েছেন। নিহত চালকের নামমো. দুলাল (৪০) বলে জানা যায়।
সোমবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন-ট্রাকের হেলপার পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার সুন্দর আলী হাওলাদারের ছেলে কবির হাওলাদার (৩৮) ও সুপারি ব্যবসায়ী পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে সুমন (৪০)।
প্রত্যক্ষদর্শী ও আহত ব্যবসায়ী সুমন জানায়, সোমবার ভোর সাড়ে ৪টার দিকে গোয়ালন্দ রেলগেটের কাছে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে ঝালকাঠি থেকে ছেড়ে আসা সুপারি বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এসময় ট্রাকটি পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক মো. দুলালের মৃত্যু এবং হেলপার ও ব্যবসায়ী আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত কবিরকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. নাজিমউদ্দিন জানান, হানিফ পরিবহনের বাসটিকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
এসএইচ





