যশোর-বেনাপোল সড়কে শতবর্ষী গাছ কাটার সিদ্ধান্ত ৬ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ।
এর আগে বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করেন পরিবেশ ও মানবাধিকার বিষয়ক সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ।
রিটে সড়ক ও জনপথ সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, খুলনার ডিসি ও যশোরের পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।
এদিকে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত যশোর রোডের গাছ রক্ষায়, ক্রমেই একাট্টা হচ্ছেন সবস্তরের মানুষ। ইতিহাসের সাক্ষী গাছগুলো কেটে সড়ক প্রশস্ত করার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভের দানা বাঁধছে।
যশোর-বেনাপোল মহাসড়ক সম্প্রসারণের কাজ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে মহাসড়কের দুই পাশে ২ হাজার ৩১২টি গাছ কাটা পড়বে।
যশোর সওজ ও জেলা পরিষদ সূত্র জানায়, মহাসড়কটির উভয় পাশের গাছের মধ্যে রয়েছে রেইনট্রি, মেহগনি, বাবলা, খয়ের, কড়ই, আকাশমণি, বট, শিশু, ঝাউ, আম, কাঁঠাল, সেগুন, শিমুল ও দেবদারু। এর মধ্যে ১শ’ বছরের বেশি পুরনো রেইনট্রি রয়েছে ৭৪৫টি।
জেড





