রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বাসস্ট্যান্ড এলাকায়খুলনা-দৌলতদিয়া মহাসড়কে ট্রাকের চাপায় এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।

শনিবার সকাল পৌনে আটটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. ইদ্রিস সরদার (৪৫)। তিনি শহরের সাত নম্বর ওয়ার্ডের কাজীপাড়ার সাদেক সরদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ইসলাম মোল্লার ভাষ্য, আজ সকালে যাত্রী নিয়ে গোয়ালন্দ বাজার বাসস্ট্যান্ড থেকে একটি অটোরিকশা গোয়ালন্দ বাজারের দিকে যাচ্ছিল। মহাসড়ক দিয়ে যাওয়ার সময় ঢাকা থেকে মাগুরাগামী একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটি আটকে যায়। চালক ট্রাকটিকে না থামিয়ে চালাতে থাকেন। একপর্যায়ে অটোরিকশার চালক ট্রাকের চাকার নিয়ে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দঘাট থানার অফিসার ইন চার্জ (ওসি-তদন্ত) মিজানুর রহমান বলেন, দুর্ঘটনায় অটোরিকশার চালক ইদ্রিস নিহত এবং যাত্রী নাসিমা আক্তার আহত হন। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করেন। এতে ওই মহাসড়কে শত শত যানবাহন আটকা পড়ে। ঘটনাস্থলে গতিরোধক নির্মাণ করা হবে—প্রশাসনের এমন আশ্বাসের ভিত্তিতে সকাল ১০টার দিকে অবরোধ তুলে নেন তাঁরা। এখন মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

ওসি মিজানুরের ভাষ্য, স্বজনদের অনুরোধে ইদ্রিসের লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত নাসিমা আক্তারকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ট্রাকের চালক মো. রনি মোল্লাকে (৩২) আটক করা হয়েছে। চালকের সহযোগী রাজীব শেখ পলাতক। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।

কেএইচ