বিজিবি সদস্যদের বহনকারী একটি কাভার্ডভ্যানের সঙ্গে একটি ট্রাকের মুখামুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১০ সদস্য আহত হয়েছেন। সোমবার দুপুর ১২টার দিকে সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে বিজিবি-৫ ব্যাটালিয়নের তামাবিল ক্যাম্পের সৈনিক আরিফ আহমদ, শফিকুল ইসলাম, জসিমুল ইসলাম ও সঞ্জয়ের পরিচয় জানা গেছে। আহতদেরকে তাৎক্ষণিকভাবে জালালবাদ সেনানিবাস সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তামাবিল বিজিবি ক্যাম্পের কমান্ডার হাবিলদার ইকবাল হোসেন বলেন, সোমবার দুপুরে তামাবিল ক্যাম্প থেকে সিলেট যাচ্ছিল বিজিবি সদস্যদের বহনকারী একটি পিকআপভ্যান। জৈন্তাপুর উপজেলার শ্রীপুর বাজারে যাওয়া মাত্র সিলেট থেকে আসা একটি ট্রাকের সঙ্গে কাভার্ডভ্যানের মুখামুখি সংঘর্ষ হয়।
এসময় ১০ বিজিবি সদস্য আহত হন। পরে তাদেরকে সিলেট জালালবাদ সেনানিবাস সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনা কবলিত ট্রাকটি বিজিবির কাছে রয়েছে। ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে বলে জানান তিনি।
এআর





