মিয়ানমারের রাখাইন রাজ্যে সে দেশের নিরাপত্তা বাহিনীর অভিযানের মুখে গণহত্যা-গণধর্ষণ-নির্যাতন থেকে বাঁচতে গত ১০ দিনে প্রায় ৯০ হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গত মাসের শেষ সপ্তাহে নতুন করে ছড়িয়ে পড়া সহিংসতার পর যেসব রোহিঙ্গা বাংলাদেশ উপকূলবর্তী কক্সবাজার জেলার বিভিন্ন শরণার্থী ক্যাম্প ও আশপাশের বাড়িতে আশ্রয় নিয়েছে, তাদের দেখভালের দায়িত্বে থাকা জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক বেসরকারি সংস্থার প্রতিনিধিদের কাছ থেকে এ তথ্য সংগ্রহ করা হয়েছে।
সীমান্তের নো-ম্যানস ল্যান্ডে এখনো হাজার হাজার রোহিঙ্গা খোলা আকাশের নিচে অবস্থান করছে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায়।
মিয়ানমারে জাতিগত সহিংসতার শিকার হয়ে গত কয়েক দশকে বিভিন্ন সময়ে প্রায় ৫ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে, যাদের একটি বড় অংশ উপকূলের বিভিন্ন ক্যাম্পে নিবন্ধিত বা অনিবন্ধিত শরণার্থী হিসেবে অবস্থান করছেন।
গত বছরের অক্টোবরে আবার নতুন করে সহিংসতা দেখা দেয় বৌদ্ধ ধর্মাবলম্বীতে সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারের রাখাইন রাজ্যে। তখন আরো প্রায় ৮৭ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আসে।
এবার ২৫ আগস্ট থেকে এখন পর্যন্ত সর্বশেষ ৯০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করল। অর্থাৎ গত ১১ মাসে বাংলাদেশে প্রায় পৌনে দুই লাখ রোহিঙ্গা প্রবেশ করেছে। প্রতি দিনই এ সংখ্যা বাড়ছে।
এমবি





