হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা ও সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফীকে হত্যার অভিযোগে দায়ের করা মামলার তদন্তে হাটহাজারী মাদরাসা পরিদর্শন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কর্মকর্তারা।

মঙ্গলবার (১২ জানুয়ারি) সকাল ১১টার দিকে পিবিআইয়ের একটি দল দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসায় প্রবেশ করে। এ সময় তারা হেফাজতের বর্তমান আমীর আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরীসহ অন্যান্যদের সাথে কথা বলেন। খবর ইউএনবি’র।

পিবিআই’র বিভাগীয় পুলিশ সুপার মো: ইকবাল হোসেনের নেতৃত্বে তদন্ত দলে ছিলেন- চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (পিবিআই) নাজমুল হাসান ও হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

তদন্ত শেষে পুলিশ সুপার ইকবাল হোসেন সাংবাদিকদের বলেন, “আদালতের নির্দেশে মামলার তদন্তের অংশ হিসেবে পিবিআই ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তের বিষয়ে আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছি। তদন্তের স্বার্থে বেশি কিছু বলা যাবে না। তবে আদালতের বেঁধে দেয়া সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার লক্ষ্যে আমরা কাজ করছি।”

এ বিষয়ে জানতে চাইলে আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, “তদন্ত দল যা কিছু জিজ্ঞেস করেছেন আমরা তাদের বলেছি৷ আমাদের যা বক্তব্য ছিল আমরা সংবাদ সম্মেলনে বলে দিয়েছি।”

হেফাজতের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে গত ১৭ ডিসেম্বর চট্টগ্রাম জুডিশিয়াল মেজিষ্ট্রেট কোর্টে হেফাজতের বর্তমান কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হকসহ ৩৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়। আহমেদ শফীকে হত্যার অভিযোগ এনে তার শ্যালক মোহাম্মদ মহিউদ্দিন এই মামলা দায়ের করেছেন। আদালত পিবিআইকে এক মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়।

উল্লেখ্য, হাটহাজারী মাদরাসার মুহতামিম ও কওমি মাদরাসা বোর্ডের চেয়ারম্যান ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফী ১৮ সেপ্টেম্বর ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এমবি