সাতক্ষীরা জেলায় নাশকতা সৃষ্টির অভিযোগে বিএনপি-জামায়াতের ছয় কর্মীসহ ৩৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে ঝিনাইদহে নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিএনপির এক নেতাসহ বিভিন্ন মামলায় ২৫জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যা থেকে রোববার সকাল সাড়ে ১০টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের নাম-পরিচয় জানা যায়নি।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ এমদাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতা সৃষ্টির অভিযোগে বিএনপির দুইজন ও জামায়াতের চারকর্মীকে গ্রেফতার করা হয়। অন্যদের বিভিন্ন মামলায় গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগে জেলার বিভিন্ন থানায় মামলা রয়েছে।

অপরদিকে, ঝিনাইদহে গ্রেফতারকৃতরা হলেন- শৈলকুপা উপজেলার চর ধলহরচন্দ্র গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রউফ (৪০)। অন্যদের নাম-পরিচয় জানা যায়নি।

ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিএনপির এক নেতাকে গ্রেফতার করা হয়। এ ছাড়া বিভিন্ন মামলায় শৈলকুপা উপজেলায় চারজন, সদর উপজেলায় সাতজন, কালীগঞ্জ উপজেলায় চারজন, কোটচাঁদপুর উপজেলায় চারজন, মহেশপুরে তিনজন ও হরিণাকুন্ডু উপজেলা থেকে দুইজনকে গ্রেফতরা করা হয়। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

এমকে