যশোরের শার্শা উপজেলার নাভারণ রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জর্দা ও বাজি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

অভিযানে চোরাচালানকারীকে আটক করতে পারেনি বিজিবি।

শুক্রবার (০৭ জুলাই) সকাল সাড়ে ১০ টার সময় বাজি ও জর্দা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ৪৯ বিজিবির বেনাপোল আইসিসি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব।

বিজিবি জানায়, গোপন সংবাদে তারা জানতে পারে যশোরে নেওয়ার উদ্দেশ্যে ভারত থেকে চোরাচালানকারীরা বিপুল পরিমাণ ভারতীয় বাজি ও জর্দা এনে নাভারণ রেলস্টেশন এলাকার বস্তিপাড়ায় মজুদ করেছে ।

এরপর চোরাচালানীদের ধরতে এবং মালামাল উদ্ধার করতে বিজিবির নায়েক আব্দুর রহমান ও সৈনিক নজরুল ইসলাম সেখানে অভিযান চালায়।

বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারীরা মালামাল ফেলে পালিয়ে যায়। এ সময় সেখান থেকে ২৫ লাখ টাকা মূল্যের ভারতীয় বাজি ও জর্দা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া পণ্য বেনাপোল কাষ্টমসে জমা করা হবে বলে জানান সুবেদার আব্দুল ওয়াহাব ।
নাসির/জেড