সিলেটে মাইক্রোবাস চাপায় অজ্ঞাত পরিচয় (২৫) এক রিকশা চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন পথচারী, সিএনজিচালিত অটোরিকশা চালকসহ ৬ জন আহত হয়েছেন। আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (০৮ জুন) সন্ধ্যা ৬টার দিকে নগরীর শেখঘাট পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতির একটি মাইক্রোবাস কাজিরবাজার সেতু হয়ে নগরীতে প্রবেশের সময় সেতুসংলগ্ন শেখঘাট পয়েন্টে একটি রিকশাকে ধাক্কা দেয়। এতে গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান রিকশা চালক।
এমন সময় মাইক্রোবাসটি তিন পথচারীকে আহত করে আরেকটি সিএনজিচালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালক ও দুই আরোহী আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় জনতা বিক্ষুব্ধ হয়ে কয়েকটি গাড়ি ভাঙচুর করে ও মাইক্রোবাসের চালককে আটক করে পুলিশে সোপর্দ করে। এসময় জনতা প্রায় আধাঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে অবরোধ প্রত্যাহার করে।
সিলেট কোতয়ালি থানার উপ পরিদর্শক (এসআই) বেনু সূত্র ধর এ তথ্য নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধ তুলে নেয়। হতাহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মাইক্রোবাস চালককে আটক করা হয়েছে। আহত অটোরিকশা চালকের অবস্থা আশঙ্কাজনক।
ওএফ





