যমুনা নদীর পানি বিপদসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় বগুড়ার সোনাতলা, সারিয়াকান্দি ও ধুনট উপজেলার চরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।
সারিয়াকান্দির চরাঞ্চলে অনেক বসত ঘরে পানি উঠেছে। সারিয়াকান্দিতে যমুনা নদীর ডান তীরে কামালপুর থেকে দেবডাঙ্গা পর্যন্ত বন্যানিয়ন্ত্রণ বাঁধের প্রায় ৮ কিলোমিটার জায়গা হুমকির মুখে পড়েছে। রৌহদহ বাজার এলাকায় সদ্য নির্মিত বেড়িবাঁধ রক্ষায় পানি উন্নয়ন বোর্ড বালির বস্তা ফেলছে।
পানি উন্নয়ন বোর্ড বগুড়া সার্কেলের নির্বাহী প্রকৌশলী নূরুল ইসলাম সরকার জানিয়েছেন, রৌহদহ বাজারে নির্মিত বাঁধটি রক্ষা করা না গেলে বগুড়া ও সিরাজগঞ্জের ৭টি উপজেলার বিস্তীর্ণ এলাকা তলিয়ে যেতে পারে।
সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো. জিল্লুর রহমান খান জানান, পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে।
ঢাকা, ১৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





