সাভারের আশুলিয়ায় একটি বাড়ির নির্মাণাধীন সেফটি ট্যাংক থেকে ফিরোজ আহমেদ আকাশ নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার ভোরে আশুলিয়ার টঙ্গাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আকাশ বগুড়ার শেরপুর থানার বোরহান উদ্দিনের ছেলে। তিনি আশুলিয়ার একটি হোটেলের কর্মচারী ছিলেন।
জানা গেছে, আশুলিয়া বাজারে অবস্থিত হোটেল অতিথি অপ্যায়নের কর্মচারী ফিরোজ আহমেদ আকাশকে ভোরে কোনো এক সময় শ্বাসরোধ করে হত্যা করে দুর্বৃত্তরা। পরে লাশ গুম করার উদ্দেশ্যে নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংকের ভেতর ফেলে পালিয়ে যায়।
সকালে স্থানীয়রা ট্যাংকের ভেতরে কাজ করতে গিয়ে আকাশের লাশ দেখতে পেয়ে আশুলিয়া থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
আশুলিয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মোস্তফা কামাল বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কেএইচ





