হরতালের সমর্থনে মিছিল প্রস্তুতিকালে ছাত্রদল, যুবদল ও শ্রমিকদলের নেতাদের আটকের প্রতিবাদে আগামী রোববার হরতাল আহবান করেছে জেলা বিএনপি।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তাদের আটক করার পর বিএনপি এ ঘোষণা দেন।
আটককৃতরা হলেন- ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুর রহমান, যুবদলের সাধারণ সম্পাদক আশরাফ পাহেলী ও শ্রমিক দলের সাধারণ সম্পাদক একে এম মনিরুল হকসহ ১৫ জন।
জেলা বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আযম খান জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে হরতালের সমর্থনে মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিল বিএনপি। এ সময় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সেখান থেকে জেলা নেতাদেরসহ ১৫ নেতাকর্মীকে আটক করে।
এ ঘটনার প্রতিবাদে জেলা বিএনপি আগামী রোববার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল আহবান করেছে। জেলা বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আযম খান ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল আলম তোফা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।
টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, নাশকতা সৃষ্টি করতে পারে এমন অভিযোগে ১০ জনকে আটক করা হয়েছে।
জেআই





