শোক ও বিনম্র শ্রদ্ধার মধ্য দিয়ে ময়মনসিংহে জেল হত্যা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে ও বিকেলে দিবসটি উপলক্ষ্যে শোক র‌্যালী, আলোচনা সভা, দোয়া মোনাজাত ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।

সকালে শহরের রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে জেলা আওয়ামীলীগের একটি শোক র‌্যালী গুরুত্বপুর্ণ বিভিন্ন সড়ক ঘুরে দেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের কলেজ রোডস্থ বাসভবনে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন ধর্মমন্ত্রী ও জেলা আওয়ামীলীগ সভাপতি প্রিন্সিপাল মতিউর রহমান।

এ সময় জাতীয় চার নেতা স্মৃতি পরিষদের আহবায়ক মুজিবুর রহমান মিল্কী, জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন আহমেদ, শহর আওয়ামীলীগের সভাপতি প্রকৌশলী আমিনুল ইসলাম তারা, জেলা আওয়ামীলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মোহিত উর রহমান শান্ত প্রমুখ উপস্থিত ছিলেন।

একই সাথে জেলা আওয়ামীলীগের উদ্যোগে ময়মনসিংহ জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা এবং ময়মনসিংহ পৌরসভার মেয়র তরুণ আওয়ামীলীগ নেতা মো: ইকরামুল হক টিটু নেতৃত্বে শহরের রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে অপর এক দীর্ঘ শোক র‌্যালী নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের কলেজ রোডের বাসভবনে গিয়ে শেষ হয়।

এ সময় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক এহতেশামুল আলম, সংস্কৃতিক বিষয়ক সম্পাদক আহাম্মদ আলী আকন্দ, কোষাধ্যক্ষ ফারুক হোসেন, শওকত জাহান মুকুল, যুবলীগ নেতা হুমায়ুন কবির হিমেল, শাহীনুর রহমান ও শহর ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফ প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে মুজিব নগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের বাসায় জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।

এমএ