সাতক্ষীরার বৈকারী সীমান্তে মুকুল ও ময়না নামে দুই বাংলাদেশি গরু রাখালকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।

রোববার ভোর ৫টার দিকে বৈকারী সীমান্তের বিপরীতে ভারতের গোবরডা বিএসএফ ক্যাম্পের সদস্যরা এ ঘটনা ঘটায়।

সীমান্ত সূত্র জানায়, মুকুল ও ময়না সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী গ্রামের গরু ব্যবসায়ী শামসুর রহমানের গরু আনতে ভারতে যান। গরু নিয়ে ফিরে আসার পথে গোরবডা বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে কুপিয়ে ও পিটিয়ে জখম করে সীমান্ত এলাকায় ফেলে রেখে যায়।

পরে আহতদের তাদের সহযোগীরা উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করেন।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের আওতাধীন বৈকারী ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার সরোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। 

বিজিবি সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নাজির আহমেদ বকশি বলেন, গরু রাখালদের কুপিয়ে নয়, পিটিয়ে আহত করার কথা শুনেছি। তবে তাদের বর্তমান অবস্থান আমার জানা নেই।

ঢাকা, ১০ আগষ্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ