সংগঠনের এক সদস্যকে মারধর ও ছুরিকাঘাতের জেরে গাজীপুরে ছাত্রলীগের ২ গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল থেকে ছাত্রলীগ নেতা শেখ মোস্তাক আহমেদ কাজলকে (২৬) আটক করেছে।

শনিবার বিকালে গাজীপুর সদর হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। অবশ্য এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

জয়দেবপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) এসএম কামরুজ্জামান জানান, গোলাগুলির ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুর মহানগরের গাছা ইউনিট ছাত্রলীগের সদস্য সাদ্দাম হোসেন (২৭) দুপুর দেড়টার দিকে বোর্ডবাজার থেকে মোটরসাইকেলে গাজীপুর শহরে যাচ্ছিলেন। পথে ধীরাশ্রম এলাকায় পৌঁছলে স্থানীয় ছাত্রলীগকর্মী পলাশ (২৫) সহযোগীদের নিয়ে তার গতিরোধ করে। সেখানে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় পলাশ সঙ্গীদের নিয়ে সাদ্দামকে মারধর ও ছুরিকাঘাতে আহত করে।

স্থানীয়রা সাদ্দামকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে যান। এ ঘটনাকে কেন্দ্র করে গাজীপুর সদর হাসপাতাল এলাকায় গাছা ইউনিট ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান মসি গ্রুপের সঙ্গে গাজীপুর শহর ছাত্রলীগের আহবায়ক মোস্তাক আহমেদ কাজল গ্রুপের মধ্যে ৩-৪ রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে কেউ এ ঘটনায় হতাহত হয়নি।

ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ