ট্রাক্টর ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কুমিল্লায় দু'জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু'জন।

মঙ্গলবার রাত ৯টার দিকে বরুড়া উপজেলার কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পাঁচতারা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের নাম-পরিচয় পাওয়া গেছে। তিনি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বন্দেগী গ্রামের আব্দুর রহিমের ছেলে শুক্কুর আলম (৩০)।

স্থানীয় সূত্র জানায়, পাঁচতারা এলাকায় একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা এক যাত্রী মারা যান। এ সময় স্থানীয়রা অন্য আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরো একজন মারা যান।

লালমাই হাইওয়ে পুলিশের ইনচার্জ এসআই লুৎফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কেএইচ