র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নিখোঁজ তালিকার ১৯৩ জনের খোঁজ পাওয়া গেছে। হালনাগাদ তালিকায় ৬৮ জন নিখোঁজ আছে বলে উল্লেখ করা হয়েছে। সর্বশেষ হালনাগাদ তালিকা র্যাবের ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, আগে একটি তালিকা দেওয়া হয়েছিল। এরপর সেই তালিকা ধরে যাচাই-বাছাই করা হয়েছে। এতে দেখা গেছে, অনেকেই ফিরে এসেছে। হালনাগাদ তালিকায় ৬৮ জন নিখোঁজ আছে।
২০ জুলাই র্যাবের ফেসবুক পেজে ২৬১ জন নিখোঁজ ব্যক্তির তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকা প্রকাশের পর অনেক নিখোঁজ ব্যক্তি তাদের পরিবারের কাছে ফিরে এসেছে বলে র্যাব তথ্য পেয়েছে। দেশব্যাপী র্যাবের সর্বশেষ অনুসন্ধান ও তদন্তে এখন পর্যন্ত ৬৮ জন নিখোঁজ ব্যক্তির হালনাগাদ তথ্য পাওয়া যায়। এদের বয়স ১৫ থেকে ৪০ বছরের মধ্যে।
র্যাব সদর দপ্তর থেকে বলা হয়েছে, নিখোঁজ ব্যক্তির তালিকা হালনাগাদের কাজ একটি চলমান প্রক্রিয়া। এই তালিকা প্রকাশের পর কোনো ব্যক্তি যদি পরিবারের কাছে ফিরে আসে অথবা এই তালিকার বাইরে যদি কারও কাছে কোনো নিখোঁজ ব্যক্তির সন্ধান থাকে, তাহলে ০১৭৭৭৭২০০৭৫ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
ওএফ





