স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জনিয়েছেন, লালমনিরহাটের ৫৯টি ছিটমহলবাসীর পুনর্বাসনে সরকার ৬১ কোটি টাকার বরাদ্দ দিয়েছে। দীর্ঘদিনের বন্দি জীবনে পিছিয়ে পড়া ছিটবাসীকে এগিয়ে নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সব নিয়োগে ছিটবাসীর অগ্রাধিকার দেওয়া হবে।
বৃহস্পতিবার দুপুরে ছিটমহল পরিদর্শনে এসে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার লাতামারী ছিটবাসীর সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
তিনি আরো জানান, বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) বেসামরিক পদে নিয়োগে ছিটমহলবাসীকে প্রাধান্য দেওয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ছিটমহলবাসীর সঙ্গে দেখা করতে এসেছি। আপনাদের মুখের হাসি আর বাঁধ ভাঙা মুক্তির উল্লাসের কথা প্রধানমন্ত্রীকে জানাব। এ সময় তিনি প্রধানমন্ত্রীর জন্য ছিটবাসীর কাছে দোয়া চান।
দহগ্রাম পুলিশ তদন্তকেন্দ্রে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিলেটের শিশু রাজন হত্যাকাণ্ড প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, রাজন হত্যার সব আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ ধরনের ঘৃণিত কাজ এ সমাজে আগে ছিল না। এ হত্যার সঙ্গে জড়িতদের বিচার করা হবে।
এর আগে সকাল ১১টা ২০ মিনিটে হেলিকপ্টারে ঢাকা থেকে পাটগ্রাম হেলিপ্যাডে অবতরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর বহুল আলোচিত দহগ্রাম আঙ্গোরপোতা তিনবিঘা করিডোর হয়ে দহগ্রাম পুলিশ তদন্তকেন্দ্র পরিদর্শন করেন।
এসময় তিনবিঘা করিডোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ) স্বরাষ্ট্রমন্ত্রীকে গার্ড অব অর্নার প্রদান করেন।
এআই/





