স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় মোট ১ লাখ ৯৮৩ জন করোনার টিকা নিয়েছেন। এদের মধ্যে মাত্র ২৩ জনের সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া (যেমন: জ্বর, টিকা দেওয়া স্থানে লাল হাওয়া ইত্যাদি) দেখা গেছে। আর এখন পর্যন্ত টিকা নিয়েছেন ৩৬ লাখ ৮২ হাজার ১৫২ জন। এদের মধ্যে মোট পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে ৮২৫ জনের।

এছাড়াও টিকার জন্য মোট নিবন্ধন করেছে ৪৯ লাখ ২ হাজার ৯৪৮ জন।

শনিবার (০৬ মার্চ) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট টিকা নিয়েছেন ১ লাখ ৯৮৩ জন। এদের মধ্যে পুরুষ ৬১ হাজার ৩৫৪ জন এবং নারী ৩৯ হাজার ৬২৯ জন।

এতে আরও জানানো হয়, ঢাকা বিভাগে ৩৮ হাজার ২১৯ জন। ময়মনসিংহ বিভাগে ৩ হাজার ৫০০ জন, চট্টগ্রাম বিভাগে ১৭ হাজার ১০১ জন, রাজশাহী বিভাগে ১০ হাজার ১১৯ জন, রংপুর বিভাগে ৮ হাজার ৮০৩ জন, খুলনা বিভাগে ১৫ হাজার ৬৭ জন, বরিশাল বিভাগে ৪ হাজার ১৬৬ জন ও সিলেট বিভাগে ৪ হাজার ৮ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের তথ্য অনুসারে, গত ২৭ জানুয়ারি দেশে টিকাদান কর্মসূচি শুরু করে। প্রথম দিন টিকা দেওয়া হয় ২৬ জনকে।

করোনাভাইরাসের টিকাদান কার্যক্রমের দ্বিতীয় দিনে ২৮ জানুয়ারি রাজধানীর পাঁচটি হাসপাতালে মোট ৫৪১ ব্যক্তিকে টিকা দেওয়া হয়। আর ০৭ ফেব্রুয়ারি সারাদেশে টিকা কার্যক্রম শুরু হয়। এদিনে সারাদেশে টিকা নেন ৩১ হাজার ১৬০ জন। এদের মধ্যে পুরুষ ২৩ হাজার ৮৫৭ জন এবং নারী ৭ হাজার ৩০৩ জন।

এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, রাজধানী ঢাকায় ৫০টি হাসপাতাল ও সারাদেশে ৯৫৫টি হাসপাতালসহ সারাদেশে মোট ১ হাজার ৫টি হাসপাতালে টিকাদান কার্যক্রম চলবে।

রাজধানী ঢাকায় ৫০টি হাসপাতালে ২০৪টি ও সারাদেশে ৯৫৫টি হাসপাতালে ২ হাজার ১৯৬টি টিম কাজ করবে। মোট ১ হাজার ৫টি হাসপাতালে মোট ২ হাজার ৪০০টিম কাজ করবে। এছাড়াও ভ্যাকসিন বিষয়ক কার্যক্রমের জন্য টিম প্রস্তুত রয়েছে ৭ হাজার ৩৪৪টি।

এমবি