বজ্রপাতে সিলেটে একই দিনে পাঁচ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন একজন বৃদ্ধ ও চারজন কিশোর।
রোববার (১৫ মে) বিকেল পৌনে ৫টায় সিলেটের জৈন্তাপুরে ইনছান আলী (৫৫) নামের এক বৃদ্ধ বজ্রপাতে মারা যান।
তিনি উপজেলার দরবস্ত ইউনিয়নের চারলাইন কাটাউড়া গ্রামের মৃত নূরাই মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, বিকেলে বাড়ির সামনের রাস্তায় দাঁড়ানো অবস্থায় বজ্রপাতে মারা যান ইনছান আলী।
এর আগে সকালে সিলেটের কোম্পানীগঞ্জের পূর্বইসলাম ইউনিয়নের রাউটি বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা যান তিন কিশোর।
তারা হলো- উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের খায়েরগাঁও গ্রামের তাজুল ইসলামের ছেলে ইমরান হোসেন (১৪), সুবহান খাঁর ছেলে সেলিম হোসেন (১৫) এবং একই গ্রামের নূরুল ইসলামের ছেলে নবী হোসেন খা (১৪)।
এছাড়া রোববার সকালে সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়নে লাকুয়াপাড়া নয়াবিল হাওরে মাছ ধরতে গিয়ে রুবেল আহমদ (১৬) নামের এক স্কুলছাত্র বজ্রপাতে মৃত্যু হয়। এ সময় আহত হন রুবেলের চাচা লায়েক আহমদ ও ভাতিজা এহিয়া।
নিহত রুবেল উমাইরগাঁও উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও দকড়ি গ্রামের তারা মিয়ার ছেলে।
রোববার বাদ আসর নিহত বৃদ্ধ ব্যতীত অন্যদের দাফন সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেন স্থানীয়রা।
ওএফ





