দেশের ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা (২০১১-১৫) চলমান থাকায় সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়নের অগ্রগতি সম্পর্কে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিকে অবহিত করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনে কমিটির পঞ্চম বৈঠকে মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়।

কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য ও পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, শওকত আলী ও মুহিবুর রহমান মানিক।

বৈঠকে পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগের সার্বিক কার্যক্রমের উপর প্রতিবেদন উপস্থাপন করা এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে জানানো হয় যে, ১৯৭২ সালে এডিপির আকার ছিল ৫শ ১ কোটি টাকা, যা ২০১৪-১৫ অর্থ বছরে ৮৬ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে এবং বর্তমানে বাংলাদেশে ষষ্ঠ, পঞ্চ বার্ষিকী পরিকল্পনা চলমান রয়েছে (২০১১-২০১৫)। এ পরিকল্পনার স্থলে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা (২০১৬-২০২০) প্রণয়নের কার্যক্রম সম্পর্কে বৈঠকে অবহিত করা হয়।

এ ছাড়াও সরকারের স্বাস্থ্য ও শিক্ষা খাতের অর্জন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, দেশে মুদ্রস্ফীতির হার ৮ ভাগ থেকে ৭.৮ ভাগে কমে আসা, দেশের শতকরা ১০০ ভাগ মানুষের জন্য সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করার পরিকল্পনা এবং নদীর নাব্য বজায় রাখতে সারাবছর ড্রেজিং কার্যক্রম অব্যাহত রাখা হবে মর্মে জানানো হয়।

বৈঠকে উন্নয়ন ধারার পরিবর্তিত প্রেক্ষাপটে এবং অভ্যন্তরীণ ও বৈশ্বিক পরিস্থিতির আমূল পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে রূপান্তরের লক্ষ্যে এবং সরকারি বিনিয়োগের যথাযথ ফলাফল অর্জনের জন্য কার্যক্রম বিভাগসহ পরিকল্পনা কমিশনের সক্ষমতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে পরিকল্পনা কমিশনের সাংগঠনিক কাঠামো পুনর্গঠন ও জনবল বৃদ্ধি করার পদক্ষেপ গ্রহণ করার সুপারিশ করা হয়। এ ছাড়াও পরিকল্পনা কমিশনকে শক্তিশালীকরণের লক্ষ্যে সম্প্রসারিত কর্মকাণ্ডের বিষয়টি বিবেচনায় নিয়ে বিসিএস (ইকনমিক) ক্যাডারভুক্ত কর্মকর্তাগণের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করার পাশাপাশি ক্যাডার পদের সংখ্যা ও পদোন্নতির সিঁড়ি পুননির্ধারণের জন্য মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

বৈঠকে জলবায়ু ট্রাস্ট ফান্ডের অর্থ ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এবং এর কার্যকারিতা যথাযথভাবে প্রয়োগ করতে পরিকল্পনা মন্ত্রণালয়ের মনিটরিংয়ের আওতায় এনে ব্যয় করার জন্য মন্ত্রণালয়কে পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।

পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব ভূঁইয়া সফিকুল ইসলাম, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. নজিবুর রহমান, আইএমইডি সচিব সুরাইয়া বেগম, পরিকল্পনা কমিশনের সদস্য ড. শামসুল আলম, আব্দুল মান্নান হাওলাদার, এস এম গোলাম ফারুক ও মো. সফিকুল আজমসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

ঢাকা, ১৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ