বাংলাদেশের উন্নয়নের পেছনে কোনো ম্যাজিক নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, রাজনৈতিক অঙ্গীকার ও কমিটমেন্ট অনুযায়ী কাজ করার ফলেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

আজ (২৯ জানুয়ারি) বুধবার সকালে বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরামের (বিডিএফ) দু’দিনব্যাপী সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখে ছিলেন তা পূরণ করতে পারেননি। আমরা সে স্বপ্ন পূরণ করছি। বাংলাদেশের গ্রাম পর্যায়ে দরিদ্র অবহেলিত মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছি। তাদের স্বাবলম্বী হওয়ার সুযোগ করে দেয়ার ফলেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, শুধু শহর নয় বাংলাদেশের তৃণমূল পর্যায়ের মানুষের জন্য বর্তমান সরকার কাজ করছে। তাদের ভাগ্যের যাতে পরিবর্তন হয়, তারা যাতে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, এ জন্য বর্তমান সরকার নানাবিধ কর্মসূচি ঘোষণা করেছে। আমার বাড়ি আমার খামারের মাধ্যমে অনেকেই স্বাবলম্বী হচ্ছেন। লার্নিং অ্যান্ড আর্নিং ট্রেনিং করে কম্পিউটারের মাধ্যমে আজ প্রত্যন্ত অঞ্চলের যুবকরা ঘরে বসে ভালো পয়সা ইনকাম করছে।

প্রধানমন্ত্রী বলেন, দরিদ্রদের ছেলেমেয়েরা যাতে স্কুলগামী হয়, সেজন্য তাদের বৃত্তি প্রদান করছি। বর্তমানে দুই কোটি তিন লাখ ছাত্র-ছাত্রীকে আমরা বৃত্তি দিচ্ছি। সে টাকা ছাত্র-ছাত্রীর মায়েদের মোবাইল ফোনে চলে যায়। আমার বাড়ি আমার খামারের মাধ্যমে আমরা মাইক্রো সেভিংস প্রকল্প চালু করেছি। কেউ ১০০ টাকা জমাতে পারলে সরকার তাকে আরও ১০০ টাকা দিচ্ছে। দারিদ্র্যের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা এসব প্রকল্প গ্রহণ করেছি।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানস্থলে পৌঁছার সঙ্গে সঙ্গে ‘ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা’ গান এবং নৃত্যের মধ্য দিয়ে প্রধান অতিথিকে স্বাগত জানানো হয়।

এমবি