বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান স্থগিত করা নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিঠি দিয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

সোমবার (০৯ মার্চ) গণমাধ্যমকে পররাষ্ট্রমন্ত্রী জানান, ১৭ মার্চ প্যারেড গ্রাউন্ডে জনসমাগম অনুষ্ঠান না হওয়ার ব্যাপারে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতের প্রধানমন্ত্রীর দপ্তরসহ বিদেশি যে অতিথিরা আমন্ত্রিত ছিলেন, তাদের জানানো হয়েছে।

আবদুল মোমেন আরও বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তর থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে একটি চিঠিতে করোনাভাইরাসের কারণে জনসমাগম এড়ানোর বিষয়সহ সার্বিক পরিস্থিতি তুলে ধরা হয়েছে। এখন বাংলাদেশে আসা না আসার ব্যাপারে ভারত তাদের সিদ্ধান্ত নেবে।

গতকাল (০৮ মার্চ) রোববার দেশে করোনা রোগী শনাক্ত হওয়ার পর মুজিববর্ষের অনুষ্ঠান সূচিতে পরিবর্তন আনেন আয়োজক কমিটি। ওই দিন রাতে মুজিববর্ষের অনুষ্ঠান পুনর্বিন্যাস করা হয়েছে বলে জানিয়েছেন অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী।

তিনি বলেন, ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে জাতীয় প্যারেড গ্রাউন্ডের উদ্বোধনী অনুষ্ঠান আপাতত স্থগিত করা হয়েছে। অনুষ্ঠানের সময়সূচি পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।

তবে, ধানমন্ডি ৩২ নম্বরে ও টুঙ্গিপাড়ায় ওই দিন যে কর্মসূচি আছে, সে সব কর্মসূচিতে জনসমাবেশ বাদ দিয়ে সীমিত আকারে করা হবে বলে জানান তিনি।

এদিকে, সোমবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে করোনাভাইরাস প্রতিরোধে সরকার প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, করোনাভাইরাসের কারণে মুজিবর্ষের অনুষ্ঠানে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। আমরা চাই কোথাও বড় ধরনের লোকসমাগম যাতে না হয়। জনগণ যেন ঝুঁকির মধ্যে না পড়ে।

এর আগে ১৭ মার্চে মুজিববর্ষের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভিশ কুমার তার দেশের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে আসছেন বলেও নিশ্চিত করেন।

এদিকে, ব্রিটেনভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ব্রিটেনে গতকাল (০৮ মার্চ) রোববার যে তৃতীয় ব্যক্তি করোনাভাইরাসে মারা গেছেন, তিনি একজন ব্রিটিশ-বাংলাদেশি। সংক্রমণ ধরা পড়ার মাত্র পাঁচ দিনের মাথায় ম্যানচেস্টারের এক হাসপাতালে তিনি মারা যান।

এখন পর্যন্ত ১ লাখ ১০ হাজার ৫৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৩ হাজার ৮২৮ জন। অপরদিকে করোনায় আক্রান্ত ৬২ হাজার ২৭৬ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

এমবি