প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের আরো উন্নয়নের জন্য শান্তি-শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে বলেছেন, উন্নয়নের জন্য শান্তির প্রয়োজন।
রোববার ফ্রান্সের বিমান বাহিনী প্রধান জেনারেল ফিলিপ লাভিন এক সৌজন্য সাক্ষাতে এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, এর জন্য শান্তি প্রয়োজন। যে কোনো দেশের উন্নয়নের জন্য শান্তি প্রয়োজন।’
স্বাধীনতার পরে দেশে দারিদ্র্যের হার ৮২ শতাংশ ছিল উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সরকার গত ১১ বছরে এটি হ্রাস করে ২০ দশমিক ৫ শতাংশে নিয়ে আসতে পেরেছে। আমরা আর্থ-সামাজিক উন্নয়নে আরো বেশি অর্থ ব্যয় করতে চাই।
সন্ত্রাসবাদকে একটি বৈশ্বিক সমস্যা হিসেবে অভিহিত করে শেখ হাসিনা বলেন, এই সমস্যা মোকাবিলায় মানুষের মানসিকতা পরিবর্তন করতে হবে। তিনি আরো বলেন, বাংলাদেশ সরকার বিভিন্ন ধরনের প্রচারের মাধ্যমে দেশের মানুষের মধ্যে সন্ত্রাসবাদ সম্পর্কে সচেতনতা তৈরি করছে।
ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে চমৎকার উল্লেখ করে প্রধানমন্ত্রী বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তাদের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
এ সময় জেনারেল ডি’আর্মি এরিয়েন ফিলিপ লাভিগেন বাংলাদেশের মানুষের আতিথেয়তার প্রশংসা করেন। তিনি বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করেন এবং এটি তাঁর জন্য একটি ভালো সফর ছিল বলে উল্লেখ করেন।
ফরাসি বিমান বাহিনীর প্রধান বিভিন্ন দেশে কাজ করা বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রশংসা করেন। তিনি অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য নৌ স্বাধীনতার ওপর জোর দিয়েছেন।
দুদেশের বিমান বাহিনীর মধ্যে সহযোগিতা বাড়ানোর পরিকল্পনা চলছে বলে জেনারেল ডি’আর্মি এরিয়েন ফিলিপ লাভিগেন উল্লেখ করেন।
সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লে. জেনারেল মোহাম্মদ মাহফুজুর রহমান এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া বৈঠকে উপস্থিত ছিলেন।
এএস





