রাজধানী ঢাকার পল্লবীর বাসা থেকে রোববার (১৭ মার্চ) ভাওয়াইয়া শিল্পী এবং যুগান্তরের সাবেক সাংস্কৃতিক রিপোর্টার ও সাংবাদিক শফিউল আলম রাজার মরদেহ উদ্ধার করা হয়।
সর্বশেষ তিনি অনলাইন নিউজপোর্টাল প্রিয়ডটকমের চিফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পারিবারিক সূত্র জানায়, শনিবার দিবাগত রাতে এশিয়ান টিভিতে গানের অনুষ্ঠানে অংশ নেন রাজা। রাত ১১টা-রাত ২টা এ লাইভ অনুষ্ঠানে ভাওয়াইয়া গানে কণ্ঠ দেন তিনি।
সেখান থেকে ফেরার পর রাতে ঘুমের মাঝেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশের ধারণা, হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।
১৯৯৮ সাল থেকে দৈনিক জনকণ্ঠসহ বিভিন্ন দৈনিকের বিনোদন পাতায় লেখালেখি করতেন শফিউল আলম রাজা। এরপর ২০০২ দৈনিক জনতায় স্টাফ রিপোর্টার হিসেবে কাজ শুরু করেন তিনি।
পরে দৈনিক অর্থনীতি, যুগান্তরেও ছিলেন। সর্বশেষ অনলাইন নিউজপোর্টাল প্রিয়ডটকমের প্রধান প্রতিবেদক হিসেবে কাজ করেছেন।
কুড়িগ্রামে জন্ম নেওয়া শফিউল আলম রাজা শ্রোতা-দর্শকের কাছে ‘ভাওয়াইয়া রাজা’নামেও পরিচিত ছিলেন।
শফিউল আলম রাজা ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য। তিনি সংগঠনটির সাবেক সাংস্কৃতিক সম্পাদক।
এএস





