লক্ষ্মীপুরে পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন।

বুধবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৩ টার দিকে সদর উপজেলা তেওয়ারীগঞ্জ ইউনিয়নের তৈয়ব চৌধুরী পোলের গোড়ায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- তেওয়ারীগঞ্জ ইউনিয়নের চর মটুয়া গ্রামের বাসিন্দা আবদুস সাত্তার মাঝি (৬৫) ও একই এলাকার রফিক মিকারের ছেলে অটোরিকশা চালক স্বপন হোসেন (৪৫)।

সাত্তার স্থানীয় একটি ইটভাটার মাঝি। দুর্ঘটনায় বেলাল হোসেন নামে আরও এক ইটভাটার মাঝি আহত হন। তিনিও অটোরিকশার যাত্রী। তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। নিহতদের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমবি