গাজীপুরের জয়দেবপুর থানার উপপরিদর্শক আলী আকবরকে (এসআই) প্রত্যাহার করা হয়েছে।
গাজীপুর সিটি করপোরেশনের হায়দরাবাদ এলাকায় রুবেল হোসেন (২৬) নামে এক যুবককে পিটিয়ে দুই পা ভেঙে দেওয়ার ঘটনায় তাকে প্রত্যাহার করা হয়েছে।
এ ঘটনায় বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাতে মামলা দায়ের করা হয়েছে। আলী আকবরকে গাজীপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান জানান, এক পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত চলছে। এছাড়া মামলার আসামিদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বুধবার (২০ এপ্রিল) রাতে গাজীপুর সিটি করপোরেশনের হায়দরাবাদ এলাকায় বিয়ে বাড়ি থেকে বর রুবেলকে ধরে নিয়ে পুলিশ ও সন্ত্রাসীরা তার দুই পা ভেঙে দেয়। শুক্রবার( ২২ এপ্রিল) রুবেলের বিয়ের দিন ধার্য করা হয়েছিল।
গাজীপুরে রুবেলের পা ভেঙে দেওয়ার ঘটনায় গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. সুলাইমানকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অপর সদস্যরা হলেন- জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আমীর হোসেন ও পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার পরিদর্শক মোমিনুল ইসলাম। তিন কার্য দিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এম আর





