মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নে সেবায়েত কর্তৃক বাসুদেব মন্দিরের জমি আত্মসাতের ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন গ্রামবাসী।
বাঘড়া বাজার সংলগ্ন সড়কে শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এরপর সড়ক থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বাসুদেব মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।
গ্রামবাসীর অভিযোগ, ২৫০ বছর পুরানো বাসুদেব মন্দিরটিতে এলাকার লোকজন পূজা-আর্চণা করে আসছিল। কিন্তু মন্দির কমিটির সভাপতি রাধেশাম ঘোষ রাজু গোপনে মন্দিরের জায়গা আত্মসাৎ করার পরিকল্পনায় দুই দাগে ৮৩ শতাংশ ও ২৩ শতাংশ জায়গা ১৮ আগস্ট নামজারি করে নেন।
স্থানীয়রা দুঃখ প্রকাশ করে বলেন, রক্ষক যদি ভক্ষক হয়, তখন আর কি করা। সরকারি আইনে আছে, কোনো দেবত্ব (মন্দির) সম্পত্তি কোনো ব্যক্তি মালিকানা করা যায় না। তাহলে কি করে নামজারি হলো? জেলা প্রশাসন এ বিষয়ে নিশ্চুপ রয়েছে।
জানা গেছে, বৃটিশ শাসন আমলে বাসুদেব মন্দিরের ৪১১ শতাংশ সম্পত্তি ছিল। এরপর বিভিন্ন সময়ে কিছু সম্পত্তি বেহাত হয়ে যায়। বর্তমান সেবায়েত রাধেশাম ঘোষ রাজুর বাবা সেবায়েত থাকাকালে ১০০ শতাংশের উপরে সম্পত্তি বিক্রি করে দেন। আর রাজু মন্দিরসহ ১১৮ শতাংশ সম্পত্তির মধ্যে ১০৬ শতাংশ নামজারি করে নেন।
এদিকে, মুন্সীগঞ্জ সদর উপজেলা শহরে অবস্থিত জগধাত্রী মন্দির ও গোপাল আখড়াসহ জেলার বিভিন্ন স্থানের মন্দিরের সম্পত্তি দখল করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
জেআই





