গোয়াল ঘরে মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় গৃহকর্তা ও তার স্ত্রী দগ্ধ হয়েছেন। এ ঘটনায় দু’টি ঘর সম্পুর্ণ পুড়ে যাওয়ার পাশাপাশি ৩টি গরু মারা গেছে এবং দগ্ধ হয়েছে আরও দু'টি গরু।
বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে লালমনিরহাটের আদিতমারী উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের কিসামত চড়িতাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটেছে।
আহতরা হলেন, গৃহকর্তা হাশেম আলী (৮০) ও তার স্ত্রী খোতেজা বেগম (৭৫)। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে হঠাৎ হাশেম আলীর গোয়াল ঘরে আগুন লাগে। মুহুর্তের মধ্যেই তা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণ করেন।
এসময় হাশেম আলী ও তার স্ত্রী খোতেজা বেগম দগ্ধ হন। এ ছাড়াও অগ্নিকাণ্ডে তিনটি গরু মারা যায় ও দু’টি দগ্ধ হয় এবং দু’টি ঘর সম্পুর্ণ পুড়ে যায়। তবে তাৎক্ষণিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম ইকবাল জানান, গোয়াল ঘরে মশার কয়েলের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত।
ঢাকা, ১৩ জুন (টাইমনিউজবিডি.কম) // এআর