খাদ্যের মতো জীবন ধারণের অন্যতম প্রয়োজনীয় উপাদান অক্সিজেন। দিন দিন গাছপালার সংখ্যা কমে যাওয়ায় অভাব দেখা দিচ্ছে অক্সিজেনের। মূলত এ জন্যই ‘বৃক্ষভিক্ষা’ কর্মসূচির আয়োজন করেছে বেসরকারি সংগঠন ‘ভূমিসন্তান বাংলাদেশ’।

সিলেট নগরীর ক্বিন ব্রিজের সারদা হল প্রাঙ্গণে শুক্রবার বিকেলে ‘বৃক্ষভিক্ষা’ কর্মসূচির উদ্বোধন করা হয়।

শুরুতে সিলেট কল্যাণ সংস্থার পক্ষ থেকে ৫০টি গাছের চারা দিয়ে ‘বৃক্ষভিক্ষা’ কর্মসূচিতে অংশ নেন সংগঠনের সভাপতিসহ অন্য সদস্যরা।

উদ্বোধনের আগে সারদা হলের সামন থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালি থেকে সার্কিট হাউসের চলমান বৃক্ষমেলার প্রতিটি স্টল থেকে বৃক্ষ সংগ্রহ করা হয়।

র‌্যালিপরবর্তী সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন সিলেট নার্সারি মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. কাউসার আহমদ চৌধুরী, ভূমিসন্তান বাংলাদেশ’র সমন্বয়ক আশরাফুল কবির ও সিলেট কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো. এহসানুল হক তাহের ।

সিলেট বিভাগীয় বৃক্ষমেলার শেষ দিন পর্যন্ত ‘বৃক্ষভিক্ষা’ কর্মসূচি অব্যাহত থাকবে। বৃক্ষভিক্ষা থেকে পাওয়া গাছের চারা রাতারগুলের আশপাশ গ্রামে রোপণ করা হবে এবং পর্যায়ক্রমে মানুষকে উদ্বুদ্ধ করার মাধ্যমে এ কর্মসূচি সারা দেশে ছড়িয়ে দেবে ভূমিসন্তান বাংলাদেশ।

ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ