যুক্তরাষ্ট্রে ভাষা শহীদদের স্মরণে মার্কিন অর্থায়নে নির্মিত প্রথম শহীদ মিনারের উদ্বোধন করা হয়েছে আজ সোমবার। শহীদ মিনারটি নির্মাণ করা হয়েছে নিউ জার্সি অঙ্গরাজ্যের পিটারসন শহরে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।
শহীদ মিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্কে বাংলাদেশ কনসাল অফিসের কনসাল জেনারেল মো. শামীম আহসান। তিনি ফিতা কেটে শহীদ মিনারের উদ্বোধন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিটারসন শহরের ডেপুটি মেয়র পেদ্রো রড্রিগেজ, কাউন্সিল ভাইস প্রেসিডেন্ট রুবি কটন এবং স্থানীয় কাউন্সিলবৃন্দ, প্যাসিক কাউন্টি অফিসের প্রতিনিধিবৃন্দ ও উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি অভিবাসী।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা শহীদ মিনার নির্মাণের বিষয়টিকে অত্যন্ত স্মরণীয় বলে উল্লেখ করেন। এটি শুধু বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জন্যই নয় বরং পুরো বিশ্ব সম্প্রদায়ের জন্যই উল্লেখযোগ্য ঘটনা।
পিটারসন শহরের ডেপুটি মেয়র শহীদ মিনার নির্মাণ প্রকল্পের সঙ্গে যুক্ত থাকতে পেরে তার সন্তুষ্টির কথা ব্যক্ত করেন। পিটারসন শহরে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের আগ্রহ-ভালোবাসার কারণে ধন্যবাদ জানান। এ ছাড়া তিনি বাংলাদেশিদের সংস্কৃতি ও ইতিহাসেরও প্রশংসা করেন।
বাংলাদেশ দূতাবাসের কনসাল জেনারেল প্রধান অতিথির বক্তব্যে শহীদ মিনার নির্মাণে সহায়তা করায় প্যাটারসন সিটি কর্তৃপক্ষ, এবং এর উদ্যোগ নেয়ায় সেখানকার বাংলাদেশি অভিবাসীদেরকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, এটি হচ্ছে প্রথম শহীদ মিনার যা যুক্তরাষ্ট্রে মার্কিন অর্থায়নে নির্মিত হয়েছে। ২০১৩ সালে পিটারসন সিটি কর্তৃপক্ষ প্রকল্পটির অনুমোদন দেয়। এটি পিটারসন সিটির ওয়েস্টসাইড পার্কে নির্মিত হয়েছে। এর আগে টেক্সাসে বাংলাদেশি সম্প্রদায় নিজেদের অর্থায়নে একটি শহীদ মিনার নির্মাণ করে।
এমএ





