রাজশাহীতে পুলিশ গাড়িতে বোমা নিক্ষেপ করে কনস্টেবল সিদ্ধার্থ রায় হত্যা মামলায় জামিনে মুক্তি পেয়েছেন মেয়রসহ বিএনপির তিন নেতা।
রাজশাহী  কারাগারের জেলার ইসমাইল হোসেন তাদের মুক্তির বিষয় নিশ্চিত করেছেন।
এই তিন নেতা হলেন-রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু ও নগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন।
গত ২৪ ফেব্রুয়ারি রাজশাহীর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমপর্ণ করে তারা জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠিয়েছিলেন।
জেলার ইসমাইল হোসেন জানান, ৪ মার্চ উচ্চ আদালত ওই তিন বিএনপি নেতার ৬ মাসের জামিন মঞ্জুর করেন। জামিনের কাগজপত্র কারাগারে আসার পর যাচাই-বাছাই শেষে রোববার বিকেলে তাদের মুক্তি দেওয়া হয়।
বিএনপির তিন নেতা মুক্তি পাওয়ার পর কারা ফটকে দলের বিপুল সংখ্যক নেতাকর্মী তাদের ফুলেল শুভেচ্ছা জানান। এরপর নগরীর ভুবন মোহন পার্কে সমাবেশ করে সরকার বিরোধী আন্দোলনে দলীয় নেতাকর্মীদের সক্রিয়ভাবে মাঠে থাকার নির্দেশ দেন তারা।  
২৪ ফেব্রুয়ারি বিএনপির ওই তিন নেতাসহ ৩৪ জনকে সিদ্ধার্থ হত্যা মামলায় কারাগারে পাঠান আদালত।
[b]ঢাকা, ৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]