বগুড়ায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের জেলা কমিটির সভাপতি ও বগুড়া পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর শাহ্ মেহেদী হাসান হিমুকে গ্রেফতার করেছে পুলিশ। বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের সভাপতি গ্রেফতার
শুক্রবার ইফতারের পর পরই শহরের স্টেশন রোডে সেন্ট্রাল মসজিদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, হিমুর বিরুদ্ধে একাধিক মামলার ওয়ারেন্ট রয়েছে। তাকে গ্রেফতারের প্রতিবাদে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শহরে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করে।
দলীয় সূত্র জানায়, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় শুক্রবার দলের পক্ষ থেকে শহরের সেন্ট্রাল মসজিদে দোওয়া ও ইফতারের আয়োজন করা হয়। সেখানে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন। ইফতার ও মাগরিবের নামাজ শেষে মেহেদী হাসান হিমু মসজিদের বাইরে বের হওয়ার পর পরই পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। তাকে গ্রেফতারের পর পরই বিএনপি এবং স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা শহরে তাৎক্ষণিক এক বিক্ষোভ মিছিল বের করে।
বগুড়া সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) ফয়জুর রহমান জানান, হিমুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে ওয়ারেন্টমুলে গ্রেফতার করা হয়েছে।
তবে জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম অভিযোগ করেন, ঈদ পরবর্তী আন্দোলন-সংগ্রামকে বাধাগ্রস্ত করতেই হিমুকে গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন, 'এভাবে দলীয় নেতা-কর্মীদের গ্রেফতার করে আন্দোলন দমিয়ে রাখা যাবে না। বরং তা আরও তীব্র হবে।'
ঢাকা, ১১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





