বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে রাষ্ট্রপতি বঙ্গবন্ধুর সমাধিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এরপর পুস্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিন বাহিনীর একটি চৌকস দল তাদের গার্ড অব অনার প্রদান করেন। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

এরপর প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধি সৌধের পাবলিক প্লাজায় শিশু সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন। পরে একই স্থানে বইমেলার উদ্বোধন করবেন।

এর আগে সকাল ৯টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে অবতরণ করে।

দুপুরে প্রধানমন্ত্রী টুঙ্গীপাড়ার বঙ্গবন্ধু ভবনে নামাজ আদায় ও মধ্যাহ্ন বিরতি করবেন। বেলা ৩টায় তিনি গোপালগঞ্জের টুঙ্গীপাড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন বলে জানাগেছে।

এমআর/ এআর