নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে জয়লাভ করলে ২১টি স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করবেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। এসব পরিকল্পনার মধ্যে ১৬টি স্বল্পমেয়াদি ও ৫টি দীর্ঘমেয়াদি।
আইভীর ছাপানো ছয় পাতার বুকলেটে দেখা যায়, ভবিষ্যৎ নগর উন্নয়ন পরিকল্পনায় ১৬টি উদ্যোগের মধ্যে রয়েছে চলমান উন্নয়ন কর্মসূচি দ্রুত বাস্তবায়ন; সবুজ ও পরিকল্পিত নগর গড়ে তোলার জন্য মাস্টারপ্ল্যান মোতাবেক সড়ক উন্নয়ন; সমন্বিত ড্রেনেজ সিস্টেম, পয়নিষ্কাশন, জলধারা সংরক্ষণ ও সংস্কারের ব্যবস্থা; বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করে কার্বনমুক্ত, পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলা; স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য কমিউনিটি ক্লিনিক, নগর হাসপাতাল এবং অ্যাম্বুলেন্স সার্ভিস চালু ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা; সুপেয় পানির জন্য পানি সরবরাহ ব্যবস্থা স্থাপন; সিটি করপোরেশনের সব স্তরে সুশাসন সুনিশ্চিত করা; তথ্যপ্রযুক্তি সেবার মাধ্যমে ডিজিটাল নগরী হিসেবে গড়ে তোলা ও নাসিকের নাগরিক সুবিধা সুনিশ্চিত করার লক্ষ্যে তথ্যপ্রযুক্তি উন্নয়ন সাধনের মাধ্যমে সব কাজ অটোমেশন করা এবং তিনটি অঞ্চলে ওয়ান স্টপ সার্ভিস চালু; দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্র ঋণ কর্মসূচির পরিধি সম্প্রসারণ; নাসিকের হতদরিদ্র পরিচ্ছন্নতা কর্মীদের জন্য স্বল্প ব্যয়ে আবাসন ব্যবস্থা চালু; নতুন বাস টার্মিনাল, ট্রাক টার্মিনাল নির্মাণসহ সিটি সার্ভিস চালুর উদ্যোগ; এনসিসির আয় বৃদ্ধির জন্য নিজস্ব ভূমিতে মার্কেট ও ফ্ল্যাট নির্মাণ এবং কাঁচাবাজারগুলোর উন্নয়ন; কবরস্থান ও শ্মশানের উন্নয়ন; হেরিটেজ পার্কসহ বিনোদনের জন্য শিশু পার্ক নির্মাণ; ঐতিহাসিক স্থানগুলো সংরক্ষণের উদ্যোগ; নারীর ক্ষমতায়নের জন্য শিক্ষা ও কর্মসংস্থানের ব্যবস্থা; শীতলক্ষ্যা নদীর পানি দূষণমুক্ত রাখার জন্য কার্যক্রম গ্রহণ।
দীর্ঘমেয়াদি পরিকল্পনার পাঁচটি উদ্যোগের মধ্যে রয়েছে সুয়ারেজ সিস্টেম স্থাপনকরণ এবং ড্রেনেজ সিস্টেমের অধিক উন্নতিকরণ; শীতলক্ষ্যা নদীর দুই পাড়ে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-মুন্সীগঞ্জ মহাসড়কের সঙ্গে সংযোগ স্থাপনকারী সার্কুলার রোড নির্মাণ; সুপেয় পানির জন্য পানি শোধনাগার নির্মাণ; নারায়ণগঞ্জকে মেট্রোরেলের সঙ্গে সংযুক্ত করে ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন ও যানজটমুক্ত নগরী গড়তে সহায়তা; নগরীর শিক্ষার উন্নয়নে আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ।
জারিফ





