বিজিবি’র দক্ষিণ-পূর্ব রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো.হাবিবুল করিম বলেছেন, সহিংসতা প্রতিরোধে যতদিন প্রয়োজন ততদিন রাস্তায় থাকবেন। সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোরভাবে প্রতিহত করা হবে।
মঙ্গলবার সকালে চট্টগ্রাম নগরীতে রিজিয়ন কমান্ডারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
হাবিবুল করিম বলেন, মানুষের নিরাপত্তায় কোন গাফেলতি থাকবে না। টেকনাফ থেকে কক্সবাজার, কক্সবাজার থেকে চট্টগ্রাম এবং চট্টগ্রাম থেকে ফেনী পর্যন্ত এলাকায় নিরবচ্ছিন্ন যাত্রী ও পণ্য পরিবহন নিশ্চিত করতে সরকারের নির্দেশে গত ৭ জানুয়ারি থেকে আমরা কাজ শুরু করেছি।
তিনি বলেন, নাশকতা প্রতিরোধে টেকনাফ থেকে ফেনী পর্যন্ত এলাকায় বেশকিছু অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। যেখানে যখন প্রয়োজন হবে সেখানে অস্থায় ক্যাম্প স্থাপন করে আমরা কাজে নেমে যাব।
হাবিবুল করিম বলেন, আমরা চাই মহাসড়ক দিয়ে পণ্য পরিবহন নিরাপদ থাকুক। পর্যটন মৌসুমে কক্সবাজার পর্যটকশূন্য থাকবে সেটা আমরা চাইনা।
এসময় বিজিবি’র দক্ষিণ-পূর্ব রিজিয়নের পরিচালক (অপারেশন) লে. কর্ণেল মোহাম্মদ তৌহিদুল ইসলাম, রিজিয়নাল ইন্টেলিজেন্স ব্যুরোর চীফ লে.কর্ণেল তৈমুর সালাদীন কায়কোবাদ, ২৮ বর্ডার গার্ড ব্যাটেলিয়নের অধিনায়ক লে.কর্ণেল আবু মোহাম্মদ মহিউদ্দিন, অতিরিক্ত পরিচালক (প্রশাসন) মেজর সাব্বির আহমেদ উপস্থিত ছিলেন।
জেএ





