অপহরণের তিন দিন পর তরিকুল ইসলাম নামের এক যুবককে ঝিনাইদহের কোটচাঁদপুর এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।
তরিকুল ইসলাম ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের কাশিমপুর গ্রামের গহর আলীর ছেলে।
এলাকাবাসী জানান, অপহৃত তরিকুল প্রতি রাতে একশ টাকার বিনিময়ে একই গ্রামের জহিরুল ইসলাম, আব্দুল খালেক ও আব্দার হোসেনের আম বাগান পাহারা দিতেন।
প্রতিদিনের মতো একই গ্রামের বদর উদ্দিন সর্দারের ছেলে মহির উদ্দিনের সঙ্গে রোববার রাতেও তরিকুল বাগান পাহারা দিতে যান। রাত আনুমানিক ২টার দিকে কয়েকজন অস্ত্রধারী তাকে ও মহির উদ্দিনকে ধরে নিয়ে যায়। পরে মহির উদ্দিনকে ছেড়ে দিলে তরিকুলকে আটক করে রাখে। তবে কোথায় বা কিভাবে তরিকুল আটক অবস্থায় ছিলেন তা বলতে পারেননি তিনি।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, পাঁচ লাখ টাকা মুক্তিপণের দাবি করে অপহরণকারীরা। এ ঘটনায় তরিকুলের বাবা গহর আলী থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের সাত ঘণ্টার মধ্যে তাকে কোটচাঁদপুর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এর সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছেন ওসি বিপ্লব।
কেএইচ





