এখন আমাদের বলা হয় বিএনপি, আগে বলা হতো আওয়ামী লীগ বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার। এর মানে হলো আমরা সঠিক পথেই আছি।
আজ শুক্রবার দুপুরে যশোরের জয়তী সোসাইটি মিলনায়তনে আঞ্চলিক পরিকল্পনা সভায় সংগঠনের নিরপেক্ষতার কথা বলতে গিয়ে বদিউল আলম মজুমদার এসব কথা বলেন।
সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ এ স্লোগানে খুলনা অঞ্চলের এ বিভাগীয় পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সুজন যশোর জেলা কমিটির সভাপতি সালেহা বেগম। সভায় এক বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। সভায় দেশের বিরাজমান পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নিয়ে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা সুজনের সংগঠকেরা মতামত দেন।
সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন খুলনা জেলা কমিটির সভাপতি জাফর ঈমাম, চুয়াডাঙ্গা জেলা সভাপতি সিদ্দিকুর রহমান, ঝিনাইদহ জেলা সম্পাদক শরীফ মাহমুদুল হাসান, ফরিদপুর জেলা সম্পাদক লিয়াকত হোসেন, মেহেরপুর জেলা সম্পাদক শামীম জাহাঙ্গীর, সাতক্ষীরা জেলা সম্পাদক শেখ হেদায়েতুল ইসলাম, মাগুরা জেলা সম্পাদক খান শারাফত হোসেন ও যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক মহিদুর রহমান প্রমুখ।
এমএইচ





