গাজীপুরের একটি তৈরি পোশাক কারখানার ট্যাংকি থেকে সরবরাহ করা পানি পান করে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে পড়েছেন আরও শতাধিক শ্রমিক।

নিহত শ্রমিকের নাম শাহিদা। শনিবার সকালে এ ঘটনা ঘটে। অসুস্থদের গাজীপুর সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

কারখানা ও হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার সকালে মহানগরের ভোগড়া বাইপাস এলাকার ম্যাসট্রেড ইন্টারন্যাশনাল গার্মেন্টস কারখানায় ট্যাংকি থেকে ট্যাপে সরবরাহ করা পানি পান করে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েন। পানি পান করার পর তারা কিছুক্ষণের মধ্যে বমি করতে থাকেন। অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়েছে। এ ঘটনায় কারখানাটিতে ছুটি ঘোষণা করা হয়েছে।

কারখানার ম্যানেজার তাহমিনা বেগম জানান, সকালে কাজে যোগদান করার পর কারখানার পানির লাইনের পানি পান করার পর শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েন। তবে শাহিদার মৃত্যু পানি পান করে নয়, অন্য কোনো অসুস্থতায় তার মৃত্যু হতে পারে।

ভোগরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক ইকরামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মৃতদেহ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হবে। তাহলেই ঘটনার সত্যতা জানা যাবে।’

ঢাকা, ২০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ