চাঁপাইনবাবগঞ্জে চার বছরের শিশু কবিতা অপহরণ ও হত্যাকারীদের দ্রুত বিচার আইনে মামলা ও ফাঁসির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে এলাকার সহস্রাধিক নারী-পুরুষ ও শিশুরা।
বৃহস্পতিবার সকালে শহরের বটতলাহাট থেকে বিক্ষোভ মিছিল বের করে স্থানীয় শহীদ সাটু হলের সামনে মানববন্ধন ও সমাবেশ করেন এলাকাবাসী।
সমাবেশে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র বিএনপি নেতা মাওলানা আবদুল মতিন, জেলা জাসদের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির, বিএনপি নেতা আমিনুল ইসলাম মোতি, যুবদল নেতা সাদিউল ইসলাম রঞ্জু, ফিরোজ আলী, আব্দুর রশিদ মন্ডল প্রমুখ।
বক্তারা কবিতার হত্যাকারীদের দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করণে আইনী সহায়তার দাবি জানান। পরে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
গত ৩০ আগস্ট চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কালিগঞ্জ ফুলবাগান মহল্লার কোরবান আলীর মেয়ে কবিতাকে (৪) আজাইপুর আবু রাজপাড়া গ্রামের আলহাজ্ব এমরান আলীর ছেলে শিহাব রেজা ও শংকরবাটী গ্রামের আবদুল মালেকের ছেলে মো. সাগর আহম্মেদ পাঁচ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহরণের পর হত্যা করে।
এ ঘটনার পাঁচ দিন পর র্যা ব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা শিহাব ও সাগরকে গ্রেফতারসহ কবিতার গলিত লাশ উদ্ধার করে। এ ঘটনায় সদর মডেল থানায় একটি হত্যা মামলা করা হয়।
ঢাকা, ১১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম জেআই





