সিলেটের হবিগঞ্জ ও নবীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে দেওয়ান আলী (৩০)এবং শহীদুল ইসলাম (৬০) নামে দু’জন ব্যক্তি নিহত হয়েছেন বলে জানা যায়।
এ ঘটনায় আহত হয়েছেন চন্দন শীল (৪০) ও পাবেল মিয়া (৩০) নামে দুই যাত্রী। তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার সকাল ৯টার দিকে হবিগঞ্জ-লাখাই সড়ক এবং ভোরে হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কে পৃথক এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- লাখাই উপজেলার মুড়াকড়ি গ্রামের মরম আলীর ছেলে দেওয়ান আলী ও নবীগঞ্জ উপজেলার পুরানগাঁও গ্রামের বাসিন্দা শহীদুল ইসলাম ।
জানা যায়, লাখাই উপজেলার মুড়াকড়ি এলাকা থেকে সিএনজি চালিত একটি অটোরিকশা চারজন যাত্রীকে নিয়ে হবিগঞ্জ জেলা শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে হবিগঞ্জ-লাখাই সড়কের করাব এলাকায় পৌঁছলে হবিগঞ্জ থেকে আসা যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে অটোরিকশাটি ধুমড়ে মুচড়ে গেলে এর চালকসহ দুই যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক যাত্রী দেওয়ান আলীকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে ভোর ৫টার দিকে হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের শিবপুর বাজার এলাকায় ট্রাক চাপায় বাজার পাহাড়াদার শহীদুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
লাখাই থানার ওসি আলী ফরিদ জানান, পৃথক ঘটনায় নিহত লাশ দু’টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঢাকা, ৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





