নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে গভীর রাতে আগুন লেগে অর্ধশতাধিক দোকান পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। রোববার দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত দোকানিরা জানান, বাজারের ডিবি রোডের পূর্ব পাশে রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডারের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারপাশের দোকান গুলিতে ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পেয়ে দ্রুত চৌমুহনী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আসে। কিন্তু আগুনের তীব্রতা বেশি থাকায় মাইজদী, সোনাইমুড়ী ও লক্ষীপুর থেকে ফায়ার সার্ভিসের আরও ৩টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় ৩ ঘণ্টা চেষ্টা করার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ততক্ষণে আশপাশে থাকা খাবার হোটেল, মিষ্টির দোকান, ইলেকট্রনিক্স দোকান, বেকারি, মুদি দোকান, পাইকারি আলু দোকান, মোবাইল দোকানসহ বিভিন্ন পণ্যের অন্তত ৫০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

চৌমুহনী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. সালাউদ্দিন জানান, ৪টি ইউনিট তিন ঘণ্টা চেষ্টা করে আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ক্ষয়ক্ষতি পরিমাণ সম্পর্কে এ মুহূর্তে বলা যাচ্ছে না বলে তিনি জানান।

এম এ