ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় করোনার টিকা না নিয়ে শুধু ফটোসেশন করলেন সংরক্ষিত মহিলা আসনের (ব্রাহ্মণবাড়িয়া) সাংসদ উম্মে ফাতেমা নাজমা বেগম ওরফে শিউলি আজাদ।
আজ রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকার বুথে তিনি এ ঘটনা ঘটান।
ফটোসেশনের সময় পাশে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোমান মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু হানিফ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াংকা, সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল জব্বারসহ শতাধিক লোকজন।
সাংসদের এমন আচরণে উপস্থিত অনেকেই বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। কারণ এখানে তিনি কোনো টিকা নেননি।
সরাইলে আজ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোমান মিয়ার সভাপতিত্বে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন সাংসদ উম্মে ফাতেমা নাজমা বেগম। এরপর তিনি স্বাস্থ্যকর্মীদের কাছ থেকে টিকা নেওয়ার ভাব করেন এবং ছবি তোলেন।
সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. নোমান মিয়া সাংসদের টিকা না নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে সাংসদ উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ বলেন, ‘আমি নারীদের সাহস যোগানোর জন্য টিকা নেওয়ার ভঙ্গি করে ফটোসেশন করি।’
সাংসদ উম্মে ফাতেমা নাজমা বেগম আরো বলেন, তিনি জাতীয় সংসদ ভবনে টিকা নেওয়ার জন্য নিবন্ধন করেছেন। এ কারণে এখানে তিনি টিকা নেননি।
এএস





