যশোরে শিলা খাতুন (২৬) নামে এক গৃহবধূকে প্রথমে মারধর পরে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

গত মঙ্গলবার গভীর রাতে সদর উপজেলার বাহাদুরপুর পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। বুধবার দুপুর ২টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

নিহত শিলা খাতুন ওই গ্রামের শাহিনুর রহামনের স্ত্রী। তিনি সদর উপজেলার নঙ্গরপুর গ্রামের রুহুল আমিনের মেয়ে।

রুহুল আমিন সাংবাদিকদের বলেন, দশ বছর আগে তার মেয়ে শিলা খাতুনের সাথে বাহদুরপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে শাহিনুর রহমানের বিয়ে দেন।

শাহিনুর তার বাড়ির পাশে এক গৃহবধূর সাথে পরকিয়া প্রেমে জড়িয়ে পড়ে। যে কারণে সে প্রায়ই শিলাকে নির্যাতন করতো। এমনকি বিভিন্ন সময় যৌতুক দাবি করত। তিনি কয়েকদফায় লক্ষাধিক টাকা যৌতুকও দেন।

সর্বশেষ গত মাসে আরো ৫০ হাজার টাকা যৌতুক দাবি করে শাহিনুর। টাকা দিতে রাজি না হওয়ায় সে শিলার উপর নির্যাতন শুরু করে। এর জের ধরে মঙ্গলবার রাতে শিলাকে মারধর ও শ্বাসরোধ করে হত্যা করে শাহিনুর।

পরে ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য লাশ ঘরের ফ্যানের সাথে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করা হয়। বুধবার সকালে খবর পেয়ে তিনি ওই বাড়ি গিয়ে তার মেয়ের লাশ মেঝেতে দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে উপশহর পুলিশ ক্যাম্পের আইসি এসআই আব্দুর রহিম জানিয়েছেন, তিনি খবর পেয়ে ঘটনাস্থলে যান এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে আসেন।

তিনি আরো বলেন, মৃতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। তবে ময়নাতদন্তের পরই বোঝা যাবে এটা হত্যা না আত্মহত্যা।

তারেক/জেড