বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় ৯ নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার দুপুর ২টার দিকে সীমান্তের চেকপোস্ট রোডের টেম্পুস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়। আটকৃতদের মধ্যে ২ শিশু, ৩ নারী ও ৪ জন পুরুষ রয়েছেন।
বিজিবি হিলি চেকপোস্ট ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল মান্নান জানান, আটককৃত ভারতীয়রা দিনাজপুরে যাওয়ার জন্য চেকপোস্ট রোডের টেম্পুস্ট্যান্ডে বাসে উঠার জন্য অপেক্ষা করছিল। তাদের কাছে পাসপোর্ট আছে-কিনা জানতে চাইলে তারা অবৈধপথে বাংলাদেশে আসার কথা স্বীকার করে। এসময় তাদের আটক করা হয়।
বিকালে তাদের ফেরত নেয়ার জন্য বিএসএফকে পত্র দেয়া হয়। কিন্তু সন্ধ্যা ৬টা থেকে ফেরত দেয়ার জন্য সীমান্তের ২৮৫ মেইন পিলারের কাছে অপেক্ষা করা হলেও এখনও পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি।
আটককৃতরা হলেন- ভারতের কোচবিহার জেলার কোতোয়ালি থানা এলাকার সুকুমার চন্দ্র দে (৫৫) ও তার স্ত্রী সত্য রানী দে (৪৫), দীপেন দে (৫২) ও তার ছেলে ভজন দে (১৫), ফণিচন্দ্র পাল (৫৮), সমীর চন্দ্র ভৌমিক (৩২) ও তার স্ত্রী অর্চনা ভৌমিক (২৮), ছেলে শুভ দেব ভৌমিক (১১), বাসন্তী দে (৬০)।
ঢাকা, ২৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





